ইনস্টাগ্রামে যুক্ত হলো ‘টেক্সট-টু-স্পিচ’ ও ‘ভয়েস ইফেক্টস’

১৩ নভেম্বর, ২০২১ ১১:২২  
টিকটককে পেছনে ফেলতে নিজেদের প্ল্যাটফর্মে ‘টেক্সট-টু-স্পিচ’ এবং ‘ভয়েস ইফেক্টস’ ফিচার যোগ করেছে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম। প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ম্যাক জানিয়েছে, এখন থেকে ‘রিলস’ এডিট করার সময় ‘টেক্সট-টু-স্পিচ’ ফিচার ব্যবহার করে নির্মাতা ভিডিওতে নিজে কণ্ঠ না দিয়ে কৃত্রিম কণ্ঠস্বর ব্যবহার করতে পারবেন। অপরদিকে ‘ভয়েস ইফেক্টস’ফিচারের মাধ্যমে একই ভিডিওতে ভিন্ন ভিন্ন কণ্ঠ ব্যবহার করতে পারবেন কন্টেন্ট নির্মাতা। নতুন ফিচার দুটির সুবিধা পাবেন আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যবহারকারীরা। তবে তার আগে ব্যবহারকারী ইনস্টাগ্রামের সর্বশেষ সংস্করণ ব্যবহার করছেন কি না, সেটি নিশ্চিত হয়ে নিতে হবে। এ নিয়ে ইনস্টাগ্রাম নিজস্ব পোস্টে বলেছে, “অ্যাটেনশন রিলস নির্মাতা! আমরা জানি, নতুন রিল বানানোর সবচেয়ে মজার দিকগুলোর একটা হলো শব্দ ও আওয়াজের ব্যবহার। তাই আজ আমরা ভয়েস ইফেক্টস এবং টেক্সট-টু-স্পিচ নামের নতুন দুটি অডিও টুল উন্মুক্ত করছি।” প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, “এই ফিচারটি আমাদের রিলস ক্যামেরার টেক্সট টুলের ভেতর পাওয়া যাবে। টেক্সট-টু-স্পিচ ফিচারটি দিয়ে নিজের কণ্ঠ ব্যবহার না করে যে কোনো কিছুর বর্ণনা দিতে, আরও সৃষ্টিশীল হতে, আরও বেশি হাস্যরস যোগ করতে সহায্য করবে।”